
ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। ভারত আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভোটদান থেকে বিরত ছিল।
এর আগে ঋণের টাকা সদ্ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের। আইএমএফের নিয়ম অনুযায়ী ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনও সুযোগ নেই। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হয় নতবা ভোটদান থেকে বিরত থাকতে হয়। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের যুক্তি থাকলেও ভোটাভুটির বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না।
শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানেই ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু তারপরেও আইএমএফ পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে।
