
বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনও শক্তি তা ঠেকাতে পারবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত বৈঠকে তাঁর আরও দাবি, উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এসময় অবৈধ মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি বলেছেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয়, নিরাপত্তা যেন আগে থেকে নেওয়া হয় সে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।
