
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে বর্তমানে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট আছে বলে তার আইনজীবীরা দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন।
তাদের দাবি, কারা কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা না নেওয়ায় তার এ অবস্থা হয়েছে। এই সপ্তাহে কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়া তার আইনজীবী সালমান সাফদার বলেন, তিন থেকে চার মাস আগে প্রাক্তন এই ক্রিকেটার ঝাপসা ও ঘোলা দেখার সমস্যা অনুভব করতে শুরু করেন।সাফদার জানিয়েছেন, কারা সুপারিনটেনডেন্টকে বিষয়টি জানানো হলেও তাকে কেবল চোখের ড্রপ দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল, ২৪ জানুয়ারি ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে খানের ২০ মিনিটের একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। সে সময় মন্ত্রী আতা তারার বলেছিলেন, খান ভালো ও সুস্থ আছেন। উল্লেখ্য,সাত সপ্তাহ পর প্রথম বাইরের দর্শনার্থী হিসেবে কারাগারে গিয়ে সাফদার বলেছেন, তার মক্কেলের ডান চোখে রক্ত জমাট বাঁধার,ব্লাড ক্লট সমস্যা ধরা পড়েছে, যা গুরুতর ক্ষতি করেছে এবং তার দৃষ্টি সীমিত হয়ে গেছে।
তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি শাহিদ বিলাল হাসানের কাছে খানের শারীরিক অবস্থার বিস্তারিত প্রতিবেদন জমা দেন।আদালত নির্দেশ দিয়েছে, বর্তমানে আদিয়ালা কারাগারে আটক খান যেন তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং তার দুই ছেলে কাসিম ও সুলায়মানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পান।
