
গত ১০ বছরে দেশে কোনও অগ্রগতি হয়নি, শুধুমাত্র মানুষের সমস্যা বেড়েছে। এভাবেই বিজেপি সরকারকে নিশানা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
বৃহস্পতিবার রায়বরেলির এক সভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁরা ১০ বছরে যা করেছেন, কংগ্রেস ৭০ বছরেও তা করতে পারেনি।কিন্তু বর্তমানে সত্যিটা হল যে, দেশে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। দেশের মহিলারা চিন্তিত।কৃষিকাজ ব্যয়বহুল হয়ে উঠেছে।দেশে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন তরুণরা।সরকারি কর্মীরা তাদের পুরনো পেনশন না পেয়ে চিন্তিত। তার মানে এটাই দেশে কোনও অগ্রগতি হয়নি, শুধু মানুষের সমস্যা বেড়েছে।কংগ্রেস নেত্রীর কথায়, দেশের কয়েকজন শিল্পপতির ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। কিন্তু কোনও গরিব কৃষক ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারলে তাকে আত্মহত্যা করতে হচ্ছে। তার মানে প্রধানমন্ত্রী বড় বড় কোটিপতিদের ঋণ মওকুফ করতে পারেন, কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করতে পারেন না।








