বেঙ্গালুরুতে ভুয়ো আরবিআই পরিচয়ে ৩০ মিনিটে ৭ কোটি লুট 

0
73
ছবি সৌজন্যে : এক্স
বেঙ্গালুরুর উড়ালপুলের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে ক্যাশ ভ্যানটি। আচমকা উড়ালপুলের মাঝে তার পথ আটকায় দু’টি গাড়ি। তার পরে সেই গাড়িগুলি থেকে নেমে আসেন পাঁচ-ছ’জন।
সোজা ক্যাশ ভ্যানের কাছে গিয়ে তাঁরা নিজেদের আরবিআই কর্তা বলে পরিচয় দেন। তার পরেই ওই ভ্যানে থাকা সাত কোটি টাকা ডাকাতি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মাত্র ৩০ মিনিটে। জানা গিয়েছে, ওই ক্যাশ ভ্যানে তিনটি ব্যাঙ্কের নগদ ছিল। ওই টাকা নিয়ে এটিএমে যাওয়া হচ্ছিল। ভ্যানে চালক ছাড়াও ছিলেন তিন কর্মী। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই ক্যাশ ভ্যানটিকে দক্ষিণ বেঙ্গালুরুর এক উড়ালপুলের উপর আটকানো হয়।
দুষ্কৃতীরা নিজেদের আরবিআই কর্তা বলে পরিচয় দিয়ে কর্মীদের জানায়, আরবিআইয়ের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁদের সংস্থার বিরুদ্ধে। সেই কারণে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই কর্মীদের যেতে হবে থানায়। দুষ্কৃতীদের কথা বিশ্বাস করে নেন ওই ক্যাশ ভ্যানে থাকা তিন কর্মী। তার পরে চালককে রাস্তার মাঝে ফেলে টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।