
বিহারে অনগ্রসর শ্রেণির জন্য ৬৫ শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে পাটনা হাইকোর্ট। গত বছর বিহারে জাতগণনা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
পাশাপাশি ওবিসি, ইবিসি, এসসি ও এসটিদের জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ এক ধাক্কায় ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করেছিলেন।রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পটনা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ১১ মার্চ এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পাটনা হাইকোর্ট ডাক ও পরিষেবা (সংশোধন) আইন, ২০২৩ এবং বিহার (শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি) সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৩-কে ১৪, ১৫ এবং ১৬ অনুচ্ছেদের অধীনে সমতার ধারা লঙ্ঘন হিসাবে অনগ্রসর শ্রেণির জন্য ৬৫ শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে।আদালত একে অসাংবিধানিক বলে অভিহিত করেছে। সেই সঙ্গে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ আগের মতোই ৫০ শতাংশ থাকবে।রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পাটনা হাইকোর্টের এই রায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য বড় ধাক্কা।
