
বাড়ির লকারে রাখা বাড়ি বিক্রির ২১ লাখ টাকা পিৎজা খেয়েই উড়িয়ে দিয়েছে নাবালক ছেলে। বর্ধমানের কালনায় ছেলের কাণ্ডে মাথায় হাত পরিবারের।
দিনের পর দিন বন্ধুবান্ধবদের নিয়ে কালনার একটি নামকরা দোকান থেকে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছে ওই নাবালক। কালনার ওই নামকরা পিৎজার দোকানের ম্যানেজার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁদের দাবি নাবালককে ফুঁসলিয়ে এলাকার কিছু মানুষ টাকা হাতিয়েছে। এমনকী দিঘায় নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জেরা করছে কালনার থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি বাড়ি বিক্রি করে আলমারির লকারে ২১ লাখ টাকা রেখেছিলেন। তাদের পরিবারের ক্লাস সিক্সের পড়ুয়া ওই নাবালক প্রতিদিন কয়েক হাজার টাকা নিয়ে চুরি করে বন্ধুবান্ধবদের সঙ্গে পিৎজা খেত।
দোকানের ওপরের পুরো অংশ বুক করে নিত ওই নাবালক। দোকানের ম্যানেজারকে আইফোন কিনে দেওয়ার কথাও বলেছিল বলে অভিযোগ।
