আরজি কর মামলার ‘ইন ক্যামেরা’ বিচার

0
140

ইন ক্যামেরায় আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুরেই সি বি আই প্রহরায় শিয়ালদহ আদালতে পৌঁছান নির্যাতিতার বাবা। এই মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকেও নিয়ে যাওয়া হয় আদালতে।

দুপুর সওয়া ২টো নাগাদ অভিযুক্তকে এজলাসে নিয়ে যাওয়া হয়।এই মামলার সঙ্গে যুক্ত নন যাঁরা, তাঁদের আদালতকক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। প্রসঙ্গত, ইন ক্যামেরার অর্থ বন্ধ কক্ষে বিচার। এই রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়ায় বাইরের কারও প্রবেশাধিকার নেই।আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও। উপস্থিত ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী,স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ও, যিনি নিজেকে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। যদিও আরজি কর কাণ্ডের পর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সঞ্জীব মুখোপাধ্যায় দাবি করেছেন যে, তিনিও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছেন।উল্লেখ্য,এই মামলায় প্রথম দুই সাক্ষী হিসাবে আদালতে বয়ান নথিবদ্ধ করাবেন নির্যাতিতার বাবা-মা।বয়ান নথিবদ্ধ করবে শিয়ালদহ আদালত।

অন্যদিকে এই মামলায় মোট ১২৮ জন সাক্ষী রয়েছেন। এই ১২৮ জনের মধ্যে রয়েছেন জুনিয়র ডাক্তার, কলকাতা পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকেরাও। ধাপে ধাপে প্রত্যেকেরই বয়ান নথিবদ্ধ করা হবে। তবে সবার প্রথমে নির্যাতিতার বাবা-মায়ের সাক্ষ্যগ্রহণ করবে আদালত।

ছবি  সৌজন্যে : নিজস্ব