
বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানোর দাবিতে শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে কর্মবিরতিতে পালন করেছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে অবিলম্বে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে।
শীর্ষ আদালত ১৬ মে নির্দেশ দিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু কর্মীদের অভিযোগ, এখনও পর্যন্ত একটি টাকাও হাতে পাননি তাঁরা। এরপরই নতুন করে প্রতিবাদীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি শনিবার কলকাতা হাইকোর্টেও কর্মবিরতি পালন হয়েছে। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক-কর্মচারি-শিক্ষক-শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, সর্বভারতীয় মূল্যসূচকের নিরিখে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। এদিনের এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। রাজ্যের যুক্তি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, বরং তা ঐচ্ছিক।
যদিও সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি, ডিএ যে আইন স্বীকৃত সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। তবে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেটা পরবর্তী শুনানিতে আদালত জানাতে পারে।







