গাজীপুরে উত্তেজিত জনতার পাল্টা মার ছাত্র-যুবদের 

0
132
ছবি সৌজন্যে : এক্স

ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুরের বাড়িতে ভাঙচুরের পর এবার গাজীপুরে উত্তেজিত জনতার পাল্টা মার ছাত্র-যুব আন্দোলনকারীদের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গাজীপুরে।

হামলা, পাল্টা হামলার উত্তাপের মাঝে চলেছে গুলিও। গাজীপুরের উত্তেজনার আবহে বাংলাদেশ পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। পুলিশি অভিযানে এখনও পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককারীদের সকলে আওয়ামী লীগের সমর্থক।  এরই মধ্যে বাংলাদেশের গাজীপুরে পাল্টা হামলার মুখে পড়ে বিক্ষুব্ধ জনতাও। সেখানে শেখ হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল জনতা চড়াও হলে পাল্টা প্রতিরোধ গড়ে ওঠে। স্থানীয় কিছু মানুষ হামলাকারীদের কয়েক জনকে মারধর করেন বলে অভিযোগ। তাতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় ঢাকায়। গাজীপুরের ঘটনায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। চলে বিক্ষোভ কর্মসূচি। গাজীপুরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগটি অবশ্য অস্বীকার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে নতুন করে তপ্ত হয় পরিস্থিতি। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে গাফিলতির কথা স্বীকার করে ক্ষমা চান গাজীপুরের পুলিশ কমিশনার।

বিক্ষোভ সামলাতে সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিককেও দায়িত্ব থেকে সরিয়ে দিতে হয়। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাই গ্রেফতার হবে।