
যুদ্ধক্ষেত্রে স্থলসেনার অপরিহার্যতার ওপর ফের জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ভারতের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জমির নিয়ন্ত্রণই থেকে যাবে বিজয়ের আসল মাপকাঠি।
জেনারেল দ্বিবেদী বলেছেন, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকে ইউক্রেন প্রসঙ্গে আলোচনা হয়েছিল কতটা জমি হাতবদল হবে তা নিয়ে। তাঁর মন্তব্য, ভারতের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, ভারতের দেড়-সীমান্তের হুমকি রয়েছে। তাই ভারতের প্রেক্ষাপটে জমিই বিজয়ের মুদ্রা হয়ে থাকবে। জেনারেল দ্বিবেদী আরও বলেছেন, যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে।
ভারতীয় সেনাও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলছে। নতুন প্রযুক্তি, উদীয়মান অস্ত্র এবং আধুনিক রণকৌশল, সবকিছুই ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে।








