
দেশের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে দশজনের প্রাণ হারানোর পর মধ্যপ্রদেশ প্রশাসন, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন সাংসদ রাহুল গান্ধী।
এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী লিখেছেন, ইন্দোরে জল নয়, বিষ বিতরণ করা হয়েছে। এদিকে প্রশাসন গভীর ঘুমে ডুবে ছিল। প্রতিটি ঘর শোকে আচ্ছন্ন, দরিদ্ররা অসহায়— অথচ বিজেপি নেতারা উদ্ধত বিবৃতি দিচ্ছেন। যাদের উনুন নিভে গিয়েছে তাঁদের সান্ত্বনার প্রয়োজন ছিল। সরকার অহঙ্কার দেখিয়েছে। মানুষ বারবার নোংরা, দুর্গন্ধযুক্ত জলের বিষয়ে অভিযোগ করেছে।
তবুও তাঁদের অভিযোগ কেন শোনা হল না! পানীয় জলের সঙ্গে নর্দমার জল কীভাবে মিশে গেল? সময়মতো সরবরাহ কেন বন্ধ করা হয়নি? দায়ী কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? এগুলো তুচ্ছ প্রশ্ন নয়— জবাব দিতে হবে। বিশুদ্ধ জল কোনও অনুগ্রহ নয়, এটা জীবনের মৌলিক অধিকার। শেষে সাংসদ রাহুল গান্ধী লিখেছে, যখনই গরিবরা মারা যায়, মোদি বরাবরই চুপ থাকেন।








