জয়পুরে ‘সুপারি’ দিয়ে মাকে খুন করালেন কন্যা

0
16
ছবি সৌজন্যে : এক্স

মা বেঁচে থাকলে ১০ কোটির সম্পত্তি হাতানো যাবে না। শুধু তা-ই নয়, বাবার মৃত্যুর পর মা তাঁর চাকরি পেয়েছেন — অর্থাৎ সেটা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। অতএব, মাকে সরিয়ে দিলেই দুটো সমস্যাই মিটে যাবে। সম্পত্তি এবং চাকরির লোভে রাজস্থানের জয়পুরে মাকে খুনের অভিযোগ উঠেছে কন্যার বিরুদ্ধে।

খুনের পর একে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্ত কন্যার নাম আয়ুষি শর্মা। জয়পুরের এয়ারপোর্ট কলোনিতে থাকেন তাঁরা। আয়ুষির বাবা বিজয় শর্মা সরকারি চাকরি করতেন। বছরখানেক আগে তাঁর মৃত্যু হয়। বিজয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী নীরজ শর্মা সেই চাকরি পান। পুলিশ সূত্রে খবর, বাবার চাকরিটা করতে চেয়েছিলেন আয়ুষি। ভেবেছিলেন, তাঁকেই এই চাকরির প্রস্তাব দেবেন মা নীরজ। কিন্তু সেটা না হওয়ায় আয়ুষির মনে একটা আক্রোশ জন্ম নেয়।

আয়ুষির বিশেষ ভাবে সক্ষম এক ভাইও রয়েছে। চাকরি এবং দুই সন্তানের দেখাশোনা করতেন নীরজ। বাবার চাকরি না পেয়ে তাঁর ১০ কোটি টাকার সম্পত্তি হাতানোর পরিকল্পনা করেন। কিন্তু কী ভাবে এই সম্পত্তি নিজের নামে করবেন! বিষয়টি কাকা এবং কাকার ছেলেকে জানান আয়ুষি। নিজের বাড়ি ছেড়ে কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। অভিযোগ, খুড়তুতো ভাই বলরাম এবং কাকাকেও ১০ কোটির সম্পত্তির লোভ দেখান আয়ুষি। কাকা এবং খুড়তুতো ভাইকে তিনি বলেন, মাকে যদি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তা হলে ওই সম্পত্তির অর্ধেক বলরামের নামে করে দেবেন।