
ঝাড়গ্রামের বেলপাহাড়ির শিমুলপালের কটুচুয়া জঙ্গলে বাঘিনীর আগমনে আতঙ্ক ছড়িয়েছে। অঘটন ঠেকাতে ইতিমধ্যে মাঠে নেমেছে বন দফতর। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। জঙ্গলে একা না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্কও করা হচ্ছে।
পাশেই বসতি থাকায় আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে তাকে ধরতে দু’বার ছাগলের টোপও দেওয়া হয়েছিল। তবে তাতে বিশেষ কাজ হয়নি। বন দফতর সূত্রের খবর, বাঘিনির নাম জিনত। তিন বছরের এই জিনতকে ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশার ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল।বন দফতর সূত্রের খবর, যে বাঘিনিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সেটি সম্প্রতি ওড়িশা ও ঝাড়খণ্ডে রীতিমতো ত্রাসের পরিবেশ তৈরি করেছিল।
জঙ্গলপথে এবার ঢুকে পড়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায়। এই বাঘিনির গলায় রয়েছে বন দফতরের ট্র্যাকারও। যার সাহায্যে বন দফতর প্রতি নিয়ত তাঁর অবস্থানও জানতে পারছে।
