
গুজরাটের পর এবার ঝাড়খণ্ডে বহুতল ভেঙে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দেওঘরে।
জেলাশাসক বিশাল সাগর জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। কত জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়। দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, সীতা হোটেলের কাছে একটি তিন তলা বাড়ি ভেঙে পড়েছে। এনডিআরএফ এবং স্বাস্থ্য দফতরের একটি দল ঘটনাস্থলে রয়েছে। একটি র্যাপিড রেসকিউ দলও মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল এবং পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, দেওঘরের পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার। তাদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। নিশিকান্ত দুবে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি দল পাঠিয়েছেন। স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করেছে। এক মহিলাকে উদ্ধার করেছে এনডিআরএফ। তবে কী কারণে বহুতলটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রশাসন।
