
পূর্বতন সরকার কার্গিল যুদ্ধের সেনাদের সম্মান জানায়নি। কার্গিল বিজয় দিবসে এভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার ২৫তম কার্গিল বিজয় দিবসে লাদাখের অন্তর্গত কার্গিলের অদূরে দ্রাস সেক্টরে ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদ সেনাদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর সরকারি সভায় পাকিস্তান হানাদারদের পাশাপাশি নিশানা করেছেন প্রধানমন্ত্রী পদে তাঁর পূর্বসূরি মনমোহন সিংহের সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এর আগে যারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন, কার্গিলের সেনাদের স্মৃতিতে কোনও স্মারক নির্মাণের প্রয়োজনীয়তাই অনুভব করেননি। শহিদদের প্রতি সম্মান দেখাননি। জাতির জন্য সেনাদের আত্মত্যাগ অমর হয়ে থাকবে। কার্গিল বিজয় দিবসে সর্বদা স্মরণ করা হবে তাদের। একইসঙ্গে জওয়ানদের সাক্ষী রেখে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে কিছু মানুষ জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে। সেনার স্বার্থে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ সংস্কার।কয়েক দশক ধরে এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। বহু কমিটি তৈরি হয়েছে। ভারতীয় সেনার জওয়ানদের গড় বয়স বিশ্বের অন্য সব দেশের সেনা জওয়ানদের গড় বয়সের থেকে বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু সদিচ্ছার অভাবে এই ধরনের কোনও পদক্ষেপ করতে পারেনি আগের সরকারগুলি।








