মহারাষ্ট্রেও লড়কী বহিন ভাতা নিয়েছেন ২৯ হাজার পুরুষ

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

যাচাইপ্রক্রিয়ার পর মহারাষ্ট্রের লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ পড়েছে ৯২ লক্ষ উপভোক্তার নাম। অযোগ্য হিসাবে বিবেচিত হওয়া উপভোক্তাদের মধ্যে রয়েছেন ২৯ হাজার পুরুষও। অর্থাৎ, মহিলাদের জন্য নির্দিষ্ট প্রকল্পের আর্থিক সহায়তা পেতেন তাঁরাও। 

তথ্যের অধিকার আইন,আরটিআই-এ করা প্রশ্নের ভিত্তিতে জানা যাচ্ছে,নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে ৩৮ শতাংশের নামই বাদ পড়েছে। উল্লেখ্য ২০২৪ সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে, মুখ্যমন্ত্রী মাঝি লড়কী বহিন যোজনা চালু হয়েছিল মহারাষ্ট্রে। ২১ থেকে ৬৫ বছর বয়সি যে সমস্ত মহিলার পারিবারিক আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার কম, এই প্রকল্পে তাঁদের মাসে নগদ ১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। এর আগে দেবেন্দ্র ফডণবীসের সরকার জানিয়েছিল যে, যাচাইপ্রক্রিয়ার পর ৮০ লক্ষ উপভোক্তার নাম বাদ গিয়েছে।

কিন্তু সরকারের দেওয়া পরিসংখ্যানে ইঙ্গিত যে, ৯২ লক্ষের নাম বাদ গিয়েছে। মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ই-কেওয়াইসি সম্পূর্ণ না-করায় ৬২ লক্ষ উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য যাচাই করে দেখা গিয়েছে, ১৬ লক্ষ উপভোক্তার পারিবারিক আয় বার্ষিক আ়ড়াই লক্ষ টাকার বেশি। তাই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় বাদ গিয়েছে ৩.৬ লক্ষ মহিলার নাম। একই পরিবারের দু’জনের বেশি উপভোক্তা থাকায় লড়কী বহিন প্রকল্প থেকে ২.৫ লক্ষ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে।