
স্কুল শিক্ষায় বড়সড় সংস্কারের পথে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন ভাষা নীতি ঘোষণা করেছে বোর্ড।
আগামী ১ জুলাই থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। বোর্ডের জারি করা ১৫ মে-র সার্কুলার অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
এই নতুন কাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল, নির্বাচিত তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। এছাড়া, যদি কোনও পড়ুয়া বিদেশি ভাষা যেমন ফরাসি বা জার্মান পড়তে চায়, তবে তা তৃতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া যাবে। তবে সে ক্ষেত্রে বাকি দুটি ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে। আর, বিদেশি ভাষাকে চতুর্থ বা অতিরিক্ত ভাষা হিসেবেও পড়ার সুযোগ থাকছে।








