
ভোটপ্রচারে সাম্প্রদায়িক শব্দের ব্যবহার নয়। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
বুধবার কমিশন জানিয়েছে, ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক সংহতি শুধুমাত্র ভোটের জন্য বিসর্জন দেওয়া যায় না। দেশের প্রধান দুই দল ভোটারদের অভিজ্ঞতা এবং ভারতীয় রাজনীতির ঐতিহ্যকে বিষিয়ে দিতে পারে না।পাশাপাশি জেপি নাড্ডাকে বলে দেওয়া হয়েছে, দলের তারকা প্রচারকরা যেন ভোটে কোনওভাবেই সাম্প্রদায়িকতার আশ্রয় না নেন। প্রচার চলাকালীন যাতে তারকারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন, সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে জেপি নাড্ডাকে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করেছিল দ্বিতীয় দফার ভোটের পরই। যদিও, সরাসরি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি নোটিসে। আবার একই সঙ্গে নোটিস পাঠানো হয়েছে কংগ্রেসকেও।
