
রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাজস্থানের আজমের জেলার বরোদা থানা এলাকার শ্রীরামপুরা গ্রামে ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা। স্থানীয় সূত্রে খবর, পুষি দেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রাম সিং।
সেই সময়ে রাস্তায় গাড়িটিতে আগুন লেগে যায়। কিন্তু গোটা ঘটনা এত দ্রুত ঘটে যে, গাড়ি থেকে বেরোনোর সুযোগটুকুও পাননি তাঁরা। আগুনে ঝলসে গাড়িতেই মৃত্যু হয় রাম সিং, সুরজ্ঞান এবং মহিমার। পরে স্থানীয়েরা কোনওক্রমে চার জনকে গাড়ি থেকে বার করে আনেন, তখন দেখা যায়, পুষিদেবী তখনও জীবিত। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পরে মৃত্যু হয় তাঁরও। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ।






