
বিশেষ নিবিড় সংশোধন ,এসআইআর-এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তামিলনাড়ুতে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ৯৭ লক্ষ ৩৭ হাজার মানুষের নাম।
প্রকাশিত তালিকায় রয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নাম। এসআইআর-এর আগে এই সংখ্যাটি ছিল ৬ কোটি ৪১ লক্ষ।চেন্নাইতে এক সাংবাদিক বৈঠকে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯৭ লক্ষ ৩৭ হাজার নাম বাদ যাওয়ার পাশাপাশি নতুন ৭ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে।এই ভোটারদের বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে।তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন শিয়রেই।পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গেই দক্ষিণের এই রাজ্যে ভোট হওয়ার কথা।তার আগে সে রাজ্যে এসআইআর পর্ব শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। এই ভোটার তালিকা অনুযায়ীই নির্বাচন হবে সেখানে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, ভোটার তালিকায় আপডেটেশন-এর কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া। মনোনয়নের শেষ দিন পর্যন্ত যে কেউ ,ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬, নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭, পরিবর্তনের জন্য ফর্ম ৮ জমা দিতে পারেন। উল্লেখ্য,গত ১৯ ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন।
ওই তালিকায় নাম ছিল ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৬ জন ভোটারের। ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলে। এই সময়পর্বে যুক্ত হয় ২৭ কোটি ৫৩ লক্ষ ভোটারের নাম। বাদ যায় ৪ কোটি ২৩ লক্ষ অবৈধ ভোটারের নাম।
