
প্রথম মিনিটের পর থেকেই আসছিল একের পর এক সুযোগ।আক্রমণভাগের ব্যর্থতায় সেগুলো কাজে লাগাতে পারছিল না রিয়াল মাদ্রিদ।মায়োর্কার প্রতিরোধ ভেঙে দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নিয়েছেন জুড বেলিংহ্যাম।
তার ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ের পর অতিরিক্ত সময়ে আরও দুটো গোল করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।চার দলের টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনা। সেদিন জিতলে এই চ্যাম্পিয়নশিপ জয়ের হিসেবে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল।ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। পরের মিনিটে রদ্রিগোর শটও ফিরিয়ে দেন তিনি। সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। বল বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। চার মিনিট পর অহেলিয়া চুয়ামেনির শট ঠেকিয়ে দেন গ্রাইফ।দ্বাদশ মিনিটে পাবলো মাফেয়োর সঙ্গে ঝামেলায় জড়ান ভিনিসিউস জুনিয়র।
ভালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে লা লিগায় দু’ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উস্কানিতে তেতে গিয়ে মৃদু টোকা মারেন মায়োর্কার আর্জেন্টাইন ডিফেন্ডারের বুকে। দুই খেলোয়াড়কেই সাবধান করে দেন রেফারি, কার্ড দেখাননি কাউকেই।
