
আইআরসিটিসি স্ক্যাম কেসে সিবিআইকে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর আবেদনে এই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা।
আগামী সোমবার সম্পুর্ণ কেসটি শুনবেন তিনি। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রাঁচী এবং পুরীতে দুটি আইআরসিটিসি হোটেল সুজাতা হোটেল গ্ৰুপ নামে এক কোম্পানিকে লিজ-এ দেওয়া হয়েছিল। সেই হোটেল দুটির জন্য ডাকা টেন্ডারে দুর্নীতির অভিযোগে লালুপ্রসাদ যাদব সহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হলে জেরায় লালুপ্রসাদের পরিবার স্বীকার করেন যে, প্রাইভেট কোম্পানিকে হোটেলের লিজ দেওয়ার পরিবর্তে বিশাল জমি ও টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। দুর্নীতির একাধিক ধারায় মামলা রুজু হলে তদানীন্তন রেলমন্ত্রী দাবি করেন বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবে সৃষ্টি করা হয়েছে।
