
সইফের হামলাকারী সন্দেহে মহারাষ্ট্রের যুবককে হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর সেই হামলাকারী বলে প্রচারের জেরে ওই যুবককে খোয়াতে হয়েছে চাকরি, ভেঙেছে বিয়েও।
জানা গিয়েছে, বছর ৩১-এর ওই যুবকের নাম আকাশ কৈলাশ কনোজিয়া। ১৭ জানুয়ারি রাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চড়ে বিলাসপুরে হবু স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কোলাবার বাসিন্দা আকাশ। তখনই দুর্গ স্টেশনে তাঁকে আটক করেন আরপিএফ কর্মীরা। সইফের হামলাকারী সন্দেহে শুরু হয় জিজ্ঞাসাবাদ। শুধু তা-ই নয়, আকাশের নাম ও ছবি-সহ একটি প্রেস বিবৃতিও প্রকাশ করে আরপিএফ। সেই ছবিই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম মারফত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমনই হয় যে, চাকরি খোয়াতে হয় ওই যুবককে। ভেঙে যায় বিয়েও। যদিও ভুল বুঝতে পেরে পর দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ১৫ জানুয়ারি রাতে সইফের উপর হামলা হয়।
ভোরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয় সইফকে। পরে ঠাণে এলাকার এক শ্রমিক বসতি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদ নামে এক ব্যক্তিকে।






