
পালা বদলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিনের নাম বদলে মা আহার করেছে নতুন সরকার। মন্ত্রিসভার বৈঠকের শেষে শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের দুই সদস্য দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানিয়েছেন আগের চেয়ে আরও বেশি জায়গায় মিলবে ৫ টাকায় আহার।
দিলীপ ঘোষ বলেছেন আগে ৩৯০ টি স্থানে এই ক্যান্টিন চলত। এখন আরও ১১০ নতুন জায়গায় ৫ টাকায় আহার মিলবে। ৫০০ মা আহার কেন্দ্র থেকে বিতরণ করা হবে। পাশাপাশি এবার থেকে পয়লা বৈশাখ নয় ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সরকারিভাবে ওই দিনটি পালন করা হবে।
পাশাপাশি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের ৯টি স্থানে তারকাঁটা দেওয়ার জন্য প্রায় ৩২ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর থেকে মুখ্যমন্ত্রীর নির্বাহী সহকারীদের বেতন ১৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।






