
৫ দিন রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিমের গ্যাংটক যাওয়ার রাস্তা ১০ নম্বর জাতীয় সড়কে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। ১০ নম্বর জাতীয় সড়কে ২০ মাইল এলাকা থেকে ২৯ মাইলের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় ধস নামে। এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তাতেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন পর্যটকরা। কয়েক জায়গায় পাথরের চাই দ্রুত সরিয়ে রাস্তা পরিস্কার করার কাজ শুরু হয়। তবে দুর্ভোগ কমার লক্ষণ নেই। বৃহস্পতিবার সকালে করোনেশন সেতুর কাছে সেবক রোডে ধস নামে। তার জেরে ওই পথে বেশকিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
সেখানে পাহাড় থেকে নেমে আসে পাথরের চাঁই, বোল্ডার। তা সরিয়ে কোনও প্রকারে যান চলাচল স্বাভাবিক করা হয়।
