
নিউ রেজিমে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
নতুন কর কাঠামোতে সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবীদের ক্ষেত্রে বছরে ১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। পাশাপাশি বেতনভোগী ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত রোজগারে কর নেবে না সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাজেট বক্তৃতায় পুরনো কর কাঠামো নিয়ে কোনও মন্তব্য করেননি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা সীতারমন। গত বছর নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। সেই অঙ্ক এবারের বাজেটে অপরিবর্তিত রেখেছেন তিনি। আগে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান পেতেন করদাতারা।নতুন কর কাঠামোর নতুন স্ল্যাব অনুযায়ী, শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর নেবে না সরকার। কিন্তু চার থেকে আট লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে করের পরিমাণ পাঁচ শতাংশ ধার্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।বর্তমানে আট লক্ষ টাকা বার্ষিক আয়ে ৩০ হাজার টাকা কর দিতে হয়। নতুন স্ল্যাব অনুযায়ী সেই অঙ্ক কমে দাঁড়াবে ২০ হাজার টাকা। অর্থাৎ ১০ হাজার টাকা লাভ করবেন ওই করদাতা। কিন্তু সরকার ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ায় আরও ২০ হাজার টাকা রিবেট পাবেন তিনি।নতুন স্ল্যাবে আট থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর ধার্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে করের পরিমাণ ১৫ শতাংশ রেখেছেন তিনি।নতুন কর ব্যবস্থায় আগের স্ল্যাব অনুযায়ী, বার্ষিক ন’লক্ষ টাকা আয়ে ৪০ হাজার টাকা কর দিতে হত। এ দিনের ঘোষণার পর সেটা কমে দাঁড়াবে ৩০ হাজার টাকা। এছাড়াও পুরনো কর ব্যবস্থায় আয়করের ৮৭এ ধারা অনুযায়ী রিবেট সমেত বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার পুরোপুরি করমুক্ত।
এতে করের স্তর বা স্ল্যাব রয়েছে মাত্র চারটে। পুরনো কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা রেখেছেন নির্মলা সীতারমন।







