
১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত কয়েক বছরে স্ল্যাবে এতো বড় বদল আগে কখনও হয়নি।
নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। শনিবার তৃতীয় এনডিএ সরকারের বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এবার সেই নিয়মের কোনও পরিবর্তন করেননি তিনি। এদিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নতুন স্ল্যাব ঘোষণা করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা সীতারমন। নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লাখ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এরপর চার থেকে আট লাখ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ, আট থেকে ১২ লাখ টাকা আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। তবে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।এছাড়া নতুন স্ল্যাবে ১৬ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লাখের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ করের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এদিন বাজেট বক্তৃতায় আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে করের নিয়ম অনেক সহজ করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।



