
তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও হাতে নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ২০২২ সালের টেট উর্ত্তীর্ণরা। এরপরই মঙ্গলবার বাঁকুড়ার আইজি মোড়ে পথ অবরোধের পাশাপাশি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি রাজ্য সরকারে পালাবদলের পর কেবলমাত্র ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। এই টেট পরীক্ষা নিয়ে কোনও মামলাও হয়নি। তারপরেও অকারণে ২০২২ সালে স্বচ্ছ ভাবে উত্তীর্ণ টেট পরীক্ষার্থীদের নিয়োগ আটকে রেখেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ।
অবিলম্বে নিয়োগের দাবিতে মঙ্গলবার বাঁকুড়ায় পথে নেমে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগপত্র না দেওয়া হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন চাকরিপ্রার্থীরা।
