
জ্বালানি রফতানিতে উইন্ডফল ট্যাক্স বা অতিরিক্ত মুনাফা-শুল্কের কাঠামোয় পরিবর্তন এনেছে কেন্দ্র। ডিজেল ও বিমানের জ্বালানি-র রফতানিতে অতিরিক্ত মুনাফা-শুল্ক বৃদ্ধি করা হয়েছে। তবে পেট্রল রফতানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে এই পরিবর্তিত শুল্ক কাঠামো। তবে ঘরোয়া প্রয়োজনে ব্যবহৃত তেলের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য নয়। এত দিন পেট্রল রফতানিতে লিটারপিছু ৪ টাকা শুল্ক নেওয়া হত।
বৃহস্পতিবার থেকে তা কমিয়ে লিটারপিছু ২.৫০ টাকা করে দেওয়া হয়েছে। ডিজেলের ক্ষেত্রে রফতানিতে এত দিন লিটারপিছু সাড়ে ৮ টাকা অতিরিক্ত মুনাফা শুল্ক নেওয়া হত। তা বৃদ্ধি করে ১৫.৫০ টাকা করা হয়েছে। বিমানের জ্বালানির ক্ষেত্রেও তা লিটারপিছু ৭.৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৪.৫০ টাকা করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রক। বিশেষ কোনও পরিস্থিতিতে কোনও সংস্থা আচমকা অপ্রত্যাশিত ভাবে লাভবান হলে, সেই সংস্থাগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপাতে পারে কেন্দ্র।
