
সরকার গঠন হলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে।এমনটাই দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
টাঙ্গাইলের গোপালপুরের সুতী ভিএম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছেন তারা। এতে আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।বিএনপির সরকার গঠনে সকলকে সহযোগিতা করতে হবে।সরকার গঠন হলেই নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবেন তারা।স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনও ঘোরাফেরা করছে।ফলে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।তারা প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকেই বিভিন্ন রকম অনৈতিক কাজে সম্পৃক্ত হয়েছে।তিনি আরও বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জেলার সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনা ও কর্মসংস্থানের।








