
বাশার আল আসাদ সরকারের পতনের পরেই সিরিয়ার একতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে সওয়াল করেছে ভারত। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেন বিদ্রোহীরা।
পতন হয়েছে বাশার আল-আসাদের শাসনের। সিরিয়ার এই উদ্ভূত পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়েরা কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে।এই আবহে সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপরেও নজর রাখছে বিদেশমন্ত্রক।সিরিয়ার সমাজের সমস্ত স্তরের মানুষের স্বার্থ ও আকাঙ্খাকে সম্মান করে সেখানে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে রয়েছে ভারত। সিরিয়ার রাজধানী দামাস্কাসে সচল রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মীরা। তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসের ভারতীয় দূতাবাস। পাশাপাশি মধ্য প্রাচ্যের ওই দেশে শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার আর্জি জানানো হয়েছে দিল্লির তরফে।
অন্যদিকে, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর অভ্যুত্থানে আসাদের পতনের পর সে দেশে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান।
