
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের কাছে হেরে গেল ভারত। ফল ভারতের পক্ষে ০-১।৫৮ মিনিটের মাথায় সুনীল ছেত্রী নেমেও দলকে জয়ের রাস্তা দেখাতে পারলেন না।
ভারতকে হারতে হয়েছে গোলরক্ষক বিশাল কাইতের ভুলে।ভারতকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে উঠে এল অ্যাসলে ওয়েস্টউডের দল।হংকং ম্যাচের আগে সুনীলদের উদ্বুদ্ধ করার চেষ্টা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।ম্যাচ জিততে পারলে জাতীয় দলকে ৪৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।কিন্তু তাতেও লাভ হয় নি। ভারতীয় দলের কোচ হিসাবে জয়ের মুখ দেখা হল না মানোলো মার্কেজ়ের।ফিফা ক্রমতালিকায় ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছে সুনীলদের। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল খেলে হেরে গিয়েছে ভারতীয় দল। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে হংকংয়ের উদেবুলজ়োরকে বক্সের মধ্যে ফাউল করেন বিশাল।রেফারি ভারতের বিরুদ্ধে পেনাল্টি দেন। তা থেকে ম্যাচের একমাত্র এবং হংকংয়ের পক্ষে জয়সূচক গোলটি করতে ভুল করেননি পেরেইরা।বিশালের ডান দিক দিয়ে নীচু এবং জোরাল শোট মারেন তিনি। বিশাল অবশ্য বাঁ দিকে ঝাঁপিয়ে ছিলেন। শেষ মুহূর্তে গোল খাওয়ার পর আর সমতা ফেরানোর সময় পায়নি ভারতীয় দল। এর আগে কোওলুনের কেই টাক স্পোর্টস পার্কের মাঠে সুনীলকে প্রথম একাদশে না রেখেই দল নামিয়ে ছিলেন ভারতীয় দলের কোচ।তাতে অবশ্য লাভ কিছু হয়নি।হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকে দিশাহীন দেখিয়েছে ভারতীয় ফুটবলারদের। মাঝমাঠ এবং রক্ষণের ভুল বোঝাবুঝিতে ৩ মিনিটের মাথাতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল হংকং। সহজ সুযোগ নষ্ট করে তারা। গোল করার মতো প্রথম সুযোগ ভারতের সামনে আসে ১৫ মিনিটে। ফ্রিকিক থেকে ব্রেন্ডন ফার্নান্ডেজ়ের ক্রশ বক্সের মধ্যে পান সন্দেশ। কিন্তু তিনি অফসাইডে ছিলেন। ৩৫ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন আশিক কুরিয়ন।
মাঝ মাঠ থেকে বল নিয়ে হংকংয়ের বক্সের মাথায় চলে আসেন ব্রেন্ডন। তিনি বাঁ দিকে বল দেন লিস্টন কোলাসোকে। লিস্টন নীচু ক্রশ করেন। গোলের সহজ সুযোগ পেয়েও অবিশ্বাস্য ভাবে নষ্ট করেন কুরিয়ন।








