
কৌশলগত সামরিক সহযোগিতা, অত্যাবশ্যকীয় খনিজ সরবরাহ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি বিনিময়, অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এ বার ভারতকে ইউরেনিয়াম দিতেও উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে জ্বালানি নিরাপত্তা, পরমাণু শক্তি, কৌশলগত সহযোগিতা-সহ নানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মেলবোর্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে ইউরেনিয়াম রফতানি-সহ গুরুত্বপূর্ণ ওই চুক্তিগুলি সই হয়।
অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে, ভারতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কর্মসূচিকে সহায়তার লক্ষ্যেই এই পদক্ষেপ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র বিবৃতিতে বলেছেন, পরমাণু শক্তিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ খুলে দেবে এবং পরিচ্ছন্ন জ্বালানি কর্মসূচিতে নতুন গতি আনবে।
