
ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধের জেরে ভূটানের ট্রাক চলাচলে নিষেধাজ্ঞার দাবিতে অনশনে নেমেছে ভারতীয় ট্রাক চালকরা।
যারফলে শিলিগুড়ির ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে সোমবার সকাল থেকে অচলাবস্থা। তাঁদের অভিযোগ, ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যেতে পারছে ভুটানের ট্রাক, অথচ ভারতীয় ট্রাক সেই সুবিধা পাচ্ছে না। এই বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাকচালক ও মালিক। ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছে প্রায় দুই হাজার ট্রাক। দীর্ঘ যানজট এবং উত্তেজনায় চরম দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালক ও ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ভুটানের ট্রাক যদি ভারত থেকে বাংলাদেশে পাথর নিতে পারে, তবে ভারতীয় ট্রাকগুলোকেও সেই একই সুযোগ দেওয়া হোক। দ্রুত সমস্যা মেটাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন আন্দোলনকারীরা।







