
ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হতো লাগল না তিনদিনও। দু’ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। দু’ ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা। অহমদাবাদের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটসম্যানদের এতটা বেহাল দশা হয়তো প্রত্যাশিত ছিল না।
টেস্টের কোনও ইনিংসেই জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতে পারলেন না তেজনারাইন চন্দ্রপাল, ব্র্যান্ডন কিং, সাই হোপেরা।ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। ৫ উইকেটে ৪৪৮ রানেই ডিক্লেয়ার করে দেন শুভমন। ২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান ভারতীয় দলের অধিনায়ক। অহমদাবাদের ২২ গজে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। ম্যাচের প্রথম দিন গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৩.৪ ডিগ্রি। সকাল থেকে গড়ে বল ঘুরেছে ৩.৯ ডিগ্রি। সঙ্গে অসমান বাউন্স। বল কখনও হাঁটুর নীচে নেমে গিয়েছে। আবার কখনও লাফিয়ে উঠে বাউন্সারের মতো গিয়েছে! যে ভাবে ইনিংসের ৩৩তম ওভারে বুমরাহের বল অ্যালিক অ্যাথানাজ়ের মাথায় লাগে। সমস্যা না হওয়ায় কনকাশন সাব নামাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজ়কে। যদিও এই ঘটনা আগেই রোস্টন চেজের দলের অর্ধেক ইনিংস নামিয়ে দিয়েছিলেন ভারতের বোলারেরা। প্রথম টেস্টে জয় নিশ্চিত করেই তৃতীয় দিনের মধ্যাহ্নভোজ করতে যান রবীন্দ্র জাডেজারা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম সারির কোনও ব্যাটসম্যানই দলকে ভরসা দিতে পারলেন না।
শনিবার মাঠে নামার আগেই ভারত ডিক্লেয়ার করে দেওয়ার পর জয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুভমনেরা তাঁদের গোটা দিনও অপেক্ষা করালেন না। ভারতের সফলতম বোলার জাডেজা ৫৪ রানে ৪ উইকেট নিলেন। ৩১ রানে ৩ উইকেট সিরাজের। ২৩ রানে ২ উইকেট কুলদীপের। ১৮ রানে ১ উইকেট নিলেন ওয়াশিংটন।
