
নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে আর ভারতকে আটকে রাখা যাবে না। কার্যত এই ভাষাতেই শুধু পাকিস্তান নয়, বিশ্বকেও বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় সেনাবাহিনী তাদের পরাক্রম দেখিয়েছে। আকাশ, জল থেকে মাটি সর্বত্র নিউ নর্মাল তৈরি করেছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে স্থগিত রাখা হয়েছে অপারেশন সিঁদুর। ভবিষ্যতে প্রয়োজনে আবারও এই ভাষাতেই জবাব দেবে। সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তবে ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতেই হবে। আগেই মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে দুই দেশের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন। মার্কিন মধ্যস্থতার কথাও উল্লেখ ছিল সেখানে। বিষয়টি নিয়ে তোলপাড় হয় দেশে। কংগ্রেস নেতারা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও টানতে শুরু করেন। সংঘর্ষবিরতি নিয়ে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেন রাহুল গান্ধী। শুধু সেদিন নয়, সোমবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে ফের একবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনিই দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষ বন্ধ করার কথা বলেছেন। অন্যথায় ব্যবসার ওপর প্রভাব পড়বে বলে দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে একবারের জন্যও প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মুখে আনেন নি। উল্টে বিশ্বনেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন কারও মধ্যস্থতা ভারতের প্রয়োজন নেই।
এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু সন্ত্রাসবাদ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। অন্যকিছু নয়।







