
ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজ আবেদন করেছেন, এই চাঞ্চল্যকর দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ,এআইএফএফ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, এই দুই তারকা কোচের নাম ব্যবহার করে পাঠানো আবেদনপত্রগুলো ভুয়ো এবং এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এআইএফএফ এর বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা একটি ইমেইল পেয়েছিলেন যেখানে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, এই আবেদনগুলো আসল নয় এবং এগুলোর কোনো প্রমাণযোগ্যতা নেই।এর আগে এক সাক্ষাৎকারে ফেডারেশনের জাতীয় দল পরিচালন বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রাক্তন বার্সেলোনা কোচ জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল।ফেডারেশনের এক টেকনিক্যাল কমিটির সদস্য জানান, জাভিকে নিয়োগ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তাঁর নাম বিবেচনায় আনা হয়নি।প্রসঙ্গত, গত বছর জুনে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করা হয়।
এরপর নিয়োগ করা হয় স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ।তবে তিনি এই মাসেই কোচের পদ থেকে সরে গিয়ে আবার আইএসএলের ক্লাব এফসি গোয়ার দায়িত্বে ফিরে গেছেন। ফলে ফের প্রধান কোচ খুঁজছে এআইএফএফ।এআইএফএফ জানিয়েছে, মোট ১৭০টি আবেদন পর্যালোচনার পর তারা মাত্র তিনজনকে শর্টলিস্ট করেছে। এখন সেই তালিকাতেই নজর কর্তাদের।
