
ভারত আবারও কমনওয়েলথ গেমসের আয়োজনের সুযোগ পেয়েছে। ভারতের আহমেদাবাদ নির্বাচিত হয়েছে ২০৩০ সালের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে।
কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিশন ভারতের এই শহরকে নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে মনোনীত করেছে। ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম।২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।শহরটির জনসংখ্যা পাঁচ মিলিয়নের বেশি এবং ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচিত।ভারত এর আগে ২০১০ সালে দিল্লিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল।এবার শতবর্ষী আসর আয়োজনের মাধ্যমে দেশটি নতুন ইতিহাস লিখবে।অন্যদিকে, নাইজেরিয়ার আবুজা আবারও আয়োজক হওয়ার সুযোগ হারাল,২০১৪ সালের আসরেও তারা গ্লাসগোর কাছে পিছিয়ে পড়েছিল।
ফলে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের প্রতীক্ষা আরো দীর্ঘ হলো।কমনওয়েলথ স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন মানদণ্ডে শহরগুলোর প্রস্তাব মূল্যায়ন করা হয়েছে এবং ভবিষ্যতে নাইজেরিয়ার আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যেখানে ২০৩৪ সালের আসরও বিবেচনায় থাকবে।
