
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। কাবুলে পৌঁছেছে ২১ টন ত্রাণ সামগ্রী। এক্স পোস্টে এই খবর জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, ভারতের ভূমিকম্প ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছে গেছে। ২১ টন সামগ্রী বিমানযোগে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ওষুধ, হুইলচেয়ার, স্যানিটাইজার, ওআরএস, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসা সরঞ্জাম। তিনি আরও বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী দিনেও সাহায্য পাঠানো হবে। আফগানিস্তানে ত্রাণকাজ চালাতে ভারত অঙ্গীকারবদ্ধ। রবিবার রাতে পূর্ব আফগানিস্তান কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩।
সরকারি হিসাবে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪১১। জখম ৩ হাজারের’ও বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা ভেঙে পড়ায় এবং মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বিপুল সমস্যা হচ্ছে।






