
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের আলোচনা চলছে অনেক দিন ধরেই। মনে করা হয়েছিল, শীঘ্রই জট কেটে যাবে।
কিন্তু সংবাদসংস্থা একটি রিপোর্ট উল্লেখ করে জানিয়েছে, আপাতত ইইউ-এর সঙ্গে ভারতের বাণিজ্যিক সমঝোতা হচ্ছে না। এমনকি, চলতি বছরের মধ্যেও তা চূড়ান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রিপোর্টে দাবি, ভারত ও ইউরোপের বাণিজ্যিক সমঝোতা আটকে রয়েছে মূলত দু’টি গেরোয়। ইউরোপের দেশগুলি কিছু দাবি করেছে ভারতের কাছে।
পরিবর্তে ভারতও কিছু দাবি করেছে। তা নিয়ে আলোচনা চলছে। ইউরোপ থেকে প্রচুর পরিমাণে গাড়ি ভারতে রফতানি করা হয়। ভারতের বাজার গাড়ির ব্যবসায় ইউরোপের লক্ষ্মী। কম শুল্কে এই রফতানিই আরও বৃদ্ধি করতে চায় ইইউ। সূত্রের খবর, গাড়ি রফতানির সংখ্যা আরও ৮০ হাজার বাড়াতে চেয়েছে তারা।
