
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পন নিয়ে ভারতকে দেওয়া চিঠির জবাব এখনও আসেনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
বুধবারই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।অন্যদিকে, আবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দফতর শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করেছে। এই আবহে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনও পায়নি বাংলাদেশ।বিদেশ মন্ত্রক বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তারপরেই ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র সেই কথা স্বীকারও করেছেন। তবে এই বিষয়ে এ পর্যায়ে আর কিছু বলার নেই বলে জানিয়েছেন তিনি।
