
এবার আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, আমেরিকার যেকোনো ধরণের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেছে আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে বলা হয়েছে, আমেরিকা যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ, চীন শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি।
একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চীন। একই সিদ্ধান্ত কানাডারও। এছাড়া মেক্সিকো,আমেরিকার পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী,মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।
স্বভাবতই আমেরিকার শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। সমস্যা সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রলায়ের মুখপাত্র।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোপ থেকে বাদ পড়ল না ভারতও।মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত।শুধু তা-ই নয়, কবে থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে, সেই তারিখও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলোর ওপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছেন তিনি।
উল্লেখ্য দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি কোন কোন বিষয়ের কথা উল্লেখ করেন, সেদিকে নজর ছিল সবারই। সেই মঞ্চে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন দেশ আমেরিকার ওপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমেরিকার পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমেরিকার ওপর যত বেশি শুল্ক আরোপ করে, আমেরিকাও তত শুল্ক আরোপ করবে।
সব মিলিয়ে এশিয়ায় দুই প্রতিবেশী দেশ ,ভারত এবং চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে কার্যত যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে আমেরিকা ,এমন আশঙ্কাও বাড়ছে।
