
দীর্ঘ ৪০ বছর ধরে যে প্রকল্পের কাজ আটকে রয়েছে, অবশেষে তা শুরু করার উদ্যোগ নিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে সাওলকোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গত শতকের ৮০-র দশকে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল।
দীর্ঘ দিন ধরে তাতে আপত্তি জানিয়ে এসেছে পাকিস্তান। তবে এ বার তাদের আপত্তি উড়িয়েই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন,এনএইচপিসি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিডিংয়ের ভিত্তিতে সাওলকোট প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।এনএইচপিসি এবং জম্মু ও কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। চন্দ্রভাগা নদীর উপরে যে জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে, তা থেকে ১৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা।একে কাশ্মীরের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বলা হচ্ছে।এই প্রকল্পের কাজ শেষ হলে জম্মু ও কাশ্মীরের বিদ্যুতের চাহিদা অনেকটা মিটবে বলে আশা।তবে এর ফলে চন্দ্রভাগার জলপ্রবাহ প্রভাবিত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দীর্ঘ দিন ধরে পাকিস্তান এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। এ ছাড়াও, প্রক্রিয়াগত নানা অসুবিধার জন্য বার বার এই প্রকল্পের কাজ পিছিয়ে গিয়েছে।
চন্দ্রভাগার উপর ভারতের এই জলবিদ্যুৎ প্রকল্প দু’টি ধাপে সম্পন্ন হওয়ার কথা। মোট ২২হাজার ৭০৪ কোটি টাকা এই প্রকল্পে খরচ হবে।
