
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও আত্মনির্ভর হচ্ছে ভারত। বিদেশি কোনও এআই প্রযুক্তি মডেল নয়, সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা এআই মডেল ‘সর্বম’।
যা সমস্ত কাজ করতে সক্ষম। ইতিমধ্যেই এই এআই মডেলের প্রশংসাও আসতে শুরু করেছে বিশ্বের নানা প্রান্ত থেকে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডিডি দাস নামক এক সফটওয়ার ইঞ্জিনিয়ার তথা ভেনচার ক্যাপিটালিস্টের দেওয়া একটি পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন। সর্বম এআই নিয়ে প্রশংসাসূচক পোস্ট করে ডিডি দাস লিখেছেন, এক বছর আগে ইন্ডিক ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমার যে ধারণা ছিল, তা সম্পূর্ণ ভুল।
সর্বম এআই-তে সবথেকে ভাল টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট ও ওসিআর মডেল। এর মূল্যও যথেষ্ট যুক্তিযুক্ত। এই ওয়েবসাইট শুধু সুন্দরভাবে ডিজাইন করাই নয়, একইসঙ্গে ব্যবহার করাও অত্যন্ত সহজ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডিডি দাসের পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, আমাদের সর্বম মডেল স্ট্রাটেজি ফলাফল দিচ্ছে। সমালোচকরাও সর্বমের প্রযুক্তিগত অ্যাডভান্সড মডেলের প্রশংসা করছেন।








