
বস্তার এবং ছত্তিশগড়ের যে অঞ্চলকে বলা হত ভারতের মাওবাদের আঁতুড়ঘর, সেই বস্তারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ভারত এখন মাওবাদীমুক্ত। কয়েক বছর আগে লাল সন্ত্রাসকে কফিনবন্দি করার যে লক্ষ্য নেওয়া হয়েছিল তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
এখন ভারত সরকারের লক্ষ্য ছত্তিশগড়ের উন্নয়ন। বস্তারের নেতানারে এক অনুষ্ঠানে জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা এখন গর্বের সঙ্গে বলতে পারেন, ভারত এখন মাওবাদীমুক্ত। এরপরই উন্নয়নের বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন, নিরাপত্তার পাশাপাশি এখন সময় সেবা ও উন্নয়নের। সরকারি প্রকল্প ও পরিষেবাগুলি এমন সব এলাকায় সহজে পৌঁছে যাচ্ছে, যেখানে একটা সময় পা রাখার সাহস পেত না মানুষ। এই এলাকায় একসময় মাওবাদীদের বিরুদ্ধে ব্যবহৃত নিরাপত্তাবাহিনীর ক্যাম্পকে জনসেবা কেন্দ্রের রূপ দেওয়া হয়েছে।
তেমনই এক জনসেবা কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটাই আগামিদিনে বস্তারের মডেল হতে চলেছে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের ২১ জানুয়ারি সরকার ঘোষণা করেছিল ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত ঘোষণা করা হবে। আর সেই লক্ষ্যে পৌঁছতে পারাটা শুধু নিরাপত্তাবাহিনীর সাফল্য নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত প্রত্যাশার জয়। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাওবাদ খতম হলেও আসল কাজ সবে শুরু হয়েছে।




