
চলতি বছরের ডিসেম্বরেই গগনযান নামে প্রকল্পে সেই যানটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সদ্য দেশে ফেরা নভশ্চর শুভাংশু শুক্লও জানিয়েছেন, ভারত তাদের নিজস্ব মানববাহী মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত। অ্যাক্সিয়ম-৪ চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর যাত্রা সমগ্র ভারতবর্ষের জাতির জন্য উৎসর্গকৃত।
দিল্লিতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বায়ুসেনার গ্রূপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। তিনি বলেছেন, মহাকাশযান স্থল প্রশিক্ষণের চেয়ে আলাদা, এবং এই মিশনটি সম্ভব করার জন্য ভারত সরকার, ইসরো এবং গবেষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরো’র মিশনগুলি ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সম্পন্ন হওয়া মিশনের প্রায় দ্বিগুণ হয়েছে।
ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, গত ১০ বছরে অগ্রগতি অসাধারণ এবং তাৎপর্যপূর্ণ। গত ৬ মাসে তিনটি গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন হয়েছে। অ্যাক্সিয়ম-৪ মিশন একটি মর্যাদাপূর্ণ মিশন। প্রথম ভারতীয়কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিরাপদে ফিরিয়ে আনা হয়েছিল, শুভাংশু শুক্ল-কে।
