ভারতে ইরানের বিদেশমন্ত্রী, সৌদি আরবের মন্ত্রীও

0
127
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে পাক ভূখণ্ডের জঙ্গি শিবিরে ভারতীয় সেনার প্রত্যাঘাত-র  আবহে বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের পরে এ বার নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
একইসঙ্গে নয়াদিল্লিতে হাজির হয়েছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল জুবের। তড়িঘড়ি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। সৌদি বিদেশ দফতরের তরফে একটি এক্স পোস্টে লেখা হয়েছে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আদেল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনমনীয় ভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে। এদিকে, বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দু’দিনের এই সফরে ভারত ও ইরানের মধ্যে ২০তম যৌথ কমিশনের বৈঠকে যুগ্ম-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আব্বাস। পাশাপাশি, নয়াদিল্লি-তেহরান সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধিস্তরের বৈঠকে অংশ নেবেন তিনি। গত সোমবার পাকিস্তানে গিয়েছিলেন আব্বাস। পহেলগাঁও হত্যাকাণ্ড ঘিরে তৈরি হওয়া উত্তেজনার আবহে ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতা করার বার্তাও দিয়েছিলেন তিনি।
আব্বাসই সেই সময় জানিয়েছিলেন, এই কঠিন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদে ইরানের দূতাবাস ব্যবহার করতে দিতে প্রস্তুত তেহরান।