
ব্রহ্মপুত্রের উপরে চিনের বাঁধ নির্মাণ নিয়ে ভারত সরকার সতর্ক আছে। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিব্বত মালভূমির পূর্বদিকে ব্রহ্মপু্ত্রে নতুন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে চিন।
বেজিংয়ের সরকারি সূত্র অনুযায়ী, সেটি হবে বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ বাঁধ। সেখানে বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে। চিনের এই সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ভারত। এই প্রসঙ্গে আগ্রায় একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চিনের সিদ্ধান্ত সম্পর্কে ভারত সরকার সচেতন আছে। চিন কী করতে চাইছে সে দিকে নজর রাখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিন ব্রহ্মপুত্রের বাঁকে বাঁধটি তৈরি করতে চলেছে। ফলে ব্রহ্মপুত্রের জল নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে বেজিং। আর তাতেই চিন্তায় পড়েছে ভারত এবং বাংলাদেশ। চিনের বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও জল ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবার শুখা মরসুমে জলের অভাবও দেখা যেতে পারে।চিন অবশ্য জানিয়েছে, তাদের তৈরি বাঁধ পরিবেশগত কোনও ক্ষতি করবে না। বাঁধ নির্মাণের সময় বাস্তুতন্ত্রের দিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছে বেজিং।







