
সন্ত্রাসদমনে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছে ভারত ও জর্ডান। সোমবার বৈঠক জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা- এমন একাধিক বিষয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সন্ত্রাসবাদ দমন। বৈঠকের শেষে ভারত ও জর্ডানের মধ্যে পাঁচটি সমঝোতা চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও জর্ডান বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহী। তিনি জানিয়েছেন, ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো, সার শিল্প ও মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা হবে।প্রধানমন্ত্রী জর্ডানের পর তাঁর সফর হবে ইথিওপিয়া ও ওমানের উদ্দেশে। গত ৩৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরে জর্ডানে এলেন। একই সঙ্গে এ বছর ভারত-জর্ডান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আম্মানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান। আম্মানে হুসেইনিয়া প্রাসাদে রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
প্রথমে দুই নেতার একান্তে আলোচনা হয়, পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।






